আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বাকি। অনেক নাটকীয়তার পর অবশেষে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম।
যদিও দল ঘোষণায় দেরি হয়েছে, পূর্বে জানা গিয়েছিল আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ১৮ সদস্যের মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের জন্য। তাই কিছুটা অনুমান করা গিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে।
বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে তেমন চমক নেই। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের সঙ্গে দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেয়েছেন সাইম আইয়ুব, উসমান খান, আজম খান ও আব্বাস আফ্রিদি।
আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ২৫ মে স্কোয়াড চূড়ান্ত করার শেষ তারিখ ছিল, তার আগের দিন জরুরি বৈঠকের পর পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেছে।
পাকিস্তান দলের প্রথম ম্যাচ ৭ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে, ১২ জুন কানাডার সাথে এবং ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, আবরর আহমেদ, উসমান খান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ আমির।
